
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শিক্ষার্থীদের নতুন উদ্যোগ, বিজ্ঞান ভিত্তিক প্রকল্প এবং সৃজনশীল উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ও উপস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়াধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রদর্শনী ও উপস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি সহ-সভাপতি আজাদ মিয়া, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু প্রমূখ।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো এমন একটা প্রোগ্রাম প্রধানমন্ত্রীর নিজস্ব মেধা চিন্তা থেকে বের হয়েছে। আগামী (২৮ জুন) জাতীয় পর্যায়ের প্রোগ্রাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা যায়, দেলদুয়ার উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি দলে ২২০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। উদ্ভাবনী ও বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করে আরফান খান মেমোরিয়াল ডিগ্রী কলেজ প্রথম স্থান, বেলায়েত হোসেন বহুমূখী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান ও লাউহাটী এম.এ.এম উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেন।





