
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে উন্নত জাতের মুরগির বাচ্চা পালনে প্রান্তিক নারীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও তাদের মাঝে বিনামূল্যে বাচ্চা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে ব্র্যাক মির্জাপুর শাখা কার্যালয়ে এই কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ২৫ জন প্রান্তিক নারীর মাঝে উন্নত জাতের মোট ২৫০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এর মধ্যে প্রত্যেক নারীকে গৃহপালনের জন্য ১০টি করে বাচ্চা দেওয়া হয়।
অনুষ্ঠানে হাঁস-মুরগি পালনের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি বিষয়ে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ পরিচালনা করেন মির্জাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার শুভাশীষ কর্মকার। এ সময় তিনি বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি। ব্র্যাকের এই স্বাবলম্বী করার উদ্যোগ প্রান্তিক পরিবারগুলোর পুষ্টি ও আয়ের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাক জেলা কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণের মূল লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন টাঙ্গাইল-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ইন্দ্রজিৎ কুমার পাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার জনাব মুনির হোসেন, ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরীফুল ইসলাম এবং মির্জাপুর অফিসের শাখা ব্যবস্থাপক সোহাগ দেব। প্রশিক্ষণ শেষে উপকারভোগী নারীরা ব্র্যাকের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য বদলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্তৃপক্ষ জানায়, প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রামীণ নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবারে প্রাণিজ আমিষের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে জানান মির্জাপুর অফিসের শাখা ব্যবস্থাপক সোহাগ দেব।






