
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি। নিহতরা হলেন- ওই গ্রামের রিপন মিয়ার ছেলে আব্দুর রহমান (১১) ও নূর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। নিহত দুই স্কুল ছাত্র সম্পর্কে চাচা-ভাতিজা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহমান এলাসিন টি.জে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ও ফয়সাল স্থানীয় নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সকাল ১০টার দিকে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ছোট একটি পুকুড়ে শিশু দুটিকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
পরে দুইটি মোটর সাইকেলযোগে তাদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. তনুশ্রী সোম তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়েছে, তবুও তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।






