
স্টাফ রিপোর্টার ॥
দেহ বিভু এই বর, করটিয়ার বুকে জাগিয়া উঠুক বঙ্গের আলীগড়”– এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজের ‘অ্যাল্যামনাই’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজের অডিটোরিয়ামে এই অ্যাল্যামনাইয়ের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার।
মনিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শরীফ ইসফানি, শিক্ষক পরিষদের সভাপতি ড. শেখ ফরিদ প্রমুখ।
এ সময় বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস।
অনুষ্ঠানে বক্তারা কলেজের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নসহ কলেজের সার্বিক অগ্রযাত্রায় অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের গুরুত্ব ও সহযোগিতার ওপর বিশেষ জোর দেন।






