
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে যাত্রীবাহী বাসচাপায় রিতা আক্তার নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন। নিহত নারী রিতা আক্তার (৫০) ভূঞাপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী। আহতরা হলেন- নিহতের স্বামী সাখাওয়াত হোসেন (৬০) ও ছেলে আরিফ (২৫)।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, শুক্রবার (১০ জুলাই) দুপুরে সাখাওয়াত হোসেন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে ভূঞাপুর থেকে জামালপুরে যাচ্ছিলেন। পথে ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রিতা আক্তার নিহত হন।
এ ঘটনায় সাখাওয়াত হোসেন ও তার ছেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।






