
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে র্যাবের অভিযানে জাল টাকা ও জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীসহ জালিয়াত চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতর নাম রিয়াজুল ইসলাম শুভ (৩০)। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার নায়াপাড়া মুন্সিবাড়ী এলাকায়।
টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) রাত দেড়টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার নয়াপাড়া মুন্সিবাড়ী এলাকায় বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় জালিয়াত চক্রের সক্রিয় সদস্য রিয়াজুল ইসলাম শুভকে (৩০) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত জালিয়াত চক্রের সক্রিয় সদস্য তার নিকট জাল টাকাসহ জাল টাকা তৈরীর সামগ্রী থাকার কথা স্বীকার করে।
ধৃত জালিয়াত চক্রের সক্রিয় সদস্যের দেওয়া তথ্য ও দেখানো মতে তার হেফাজত হতে ৫৯ হাজার ৯০০ টাকাসহ রুমের মধ্যে বিশেষভাবে রাখা জাল টাকা তৈরীর সামগ্রী একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, দুইটি র্কী বোর্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
এ ধরণের প্রতারক চক্র যাতে মাথাচাড়া দিয়ে উঠে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ধৃত জালিয়াত চক্রের সক্রিয় সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় উদ্ধারকৃত আলামতসহ তাকে হস্তান্তর করা হয়েছে।






