
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে চোরের দল ঘরের টিনের বেড়া কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের জুরান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই এলাকার আবুল হোসেনের বাড়িতে শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে কয়েকজন লোক পানি খেতে আসেন। তাঁরা বাড়িটির টিউবওয়েলের কাছে যান। কিছুক্ষণ পর তারা চলে যান। দুপুরের দিকে টিউবয়েলের পাশে স্থাপিত ট্যাংকির পানি পান করলে তিনি অচেতন হয়ে পড়েন।
তাঁর বড় ছেলে আলাউদ্দিন মিয়াসহ পরিবারের সবাই তাঁকে নিয়ে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে যার। সন্ধ্যার দিকে আবুল হোসেনকে হাসপাতালে রেখে সবাই বাড়ি ফিরেন। রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুই ঘরের টিনের বেড়া কেটে চোরের দল ঘরে ঢুকে। তারা ঘরের আলমারী ও সুকেচের তালা ভেঙে সেখানে রাখা ১৬ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা, চারটি মুঠোফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
পরদিন শনিবার (১৮ জুলাই) ভোরে বাড়ির লোকজন বিষয়টি টের পান। এ সময় ঘরে রক্ষিত জমির দলিলসহ কাগজপত্র চোরের দল নিয়ে যায়। দুপুরের দিকে বাড়িতে আসা লোকজন তাঁদের পানির ট্যাংকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চলে যায় এবং ওই ট্যাংকির পানি পান করে সবাই অচেতন হন বলে পরিবারের সবার ধারণা।
এ ঘটনায় আবুল হোসেনের মেয়ে শিরিন আক্তার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।






