
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলিটি ইউনিয়ন বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেবাড়িয়া বাজারে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূঁইয়া, সদস্য সুমন সিকদার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জরিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সালেহ আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রুপন খান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাদল শেখসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত (১৯ জুলাই) রাত ১১টার দিকে সলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।
এ ব্যাপারে নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যস্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে নাগরপুর থানার (ওসি) জহুরুল ইসলাম জানান।





