
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছানোয়ার হোসেন তালুকদারকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ছানোয়ার হোসেন উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের খোরশেদ আলমের ছেলে।
ভুক্তভোগী শিশুর মা জানান, গত (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তিনি তার মেয়েকে কয়েল আনতে দোকানে পাঠান। কয়েল নিয়ে ফেরার পথে স্থানীয় একটি আম বাগানের ভেতরে নিয়ে শিশুর মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করেন ছানোয়ার। এতে শিশুর শরীরে রক্তাক্ত অবস্থা নিয়ে বাড়িতে ফিরে আসে।
তিনি আরও জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীর পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তার দাবি, এর আগেও অভিযুক্ত ছানোয়ার শিশুকে শ্লীলতাহানি করেছিল।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে মামলা করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






