
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক খোন্দকার আবুল হাসনাত ওরফে কিসমত খোন্দকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
বুধবার (২৯ জুলাই) বিকেলে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় আফতাব নগর নাগরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে তার ভাতিজা খোন্দকার রিশাত জানিয়েছেন। মৃত্যুকালে তিনি তিন বোন, ভাতিজা ও ভাতিজিসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন।
তিনি সর্বশেষ বাংলানিউজ২৪ডটকম অনলাইন পোর্টালে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক খবর, মানবজমিন, সমকাল, রাইজিং বিডিডটকম অনলাইন পোর্টালে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী গ্রামের মৃত খোন্দকার মাহফুজুর রহমানের ছেলে। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে চার নম্বর। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ সম্পাদক। এছাড়া মির্জাপুরে সাংস্কৃতিক সামাজিক সংগঠন কিংশুক এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রভাষক ছিলেন।
তার মৃত্যুতে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিভিন্ন সামাজিক সংগঠন, মির্জাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে।






