
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে ওজনে কম দেয়া, হোটেলে বাসি পঁচা খাবার পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিক বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
এ সময় তিনি জানান, অভিযোগের ভিত্তিতে উপজেলার বাজার রোড এলাকায় কুড়ে মিষ্টি ঘর, তাজমহল হোটেল ও নাবিল কসমেটিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওজনে মিষ্টি কম দেওয়া, হোটেলে বাসি পঁচা খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক বিক্রির অভিযোগে প্রতিষ্ঠান তিনটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।






