
ধনবাড়ী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে ২১ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুর রাজ্জাক ওরফে রঞ্জুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইস্পিঞ্জারপুর গ্রামে। সোমবার (৯ নভেম্বর) সকালে থানায় ধর্ষণ মামলা দায়েরের পরে বিকেলে ইস্পিঞ্জারপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত মৃত হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রঞ্জুকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ।
ভূক্তভোগী ওই নারী জানায়, অভিযুক্ত ওই ব্যক্তির স্ত্রী অসুস্থ থাকায় তার বাড়ীতে মাঝে মধ্যে ডেকে নিয়ে বাড়ির বিভিন্ন কাজকর্ম করাতেন। এই সুযোগে গোপনে বিয়ের প্রলোভনে বিগত ৩ মাস যাবত তার সাথে জোরপূর্বক শারীরিক মেলামেশা করে আসছিল। একপর্যায়ে ওই নারী তিন মাসের অন্তসত্ত্বা হয়ে পড়ে। এ সময় আব্দুর রাজ্জাককে বিয়ের জন্য চাপ দিলে সে টালবাহানা শুরু করে। সেই সাথে এই ঘটনাটি কিছু অর্থের বিনিময়ে গ্রামের আব্দুর রাজ্জাকের পক্ষের কিছু প্রভাবশালী লোকজন নিয়ে গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে আব্দুর রাজ্জাক গা ঢাকা দেয়। পরে কোন উপায় না পেয়ে থানায় মামলা দায়েন ওই নারী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, এ ঘটনায় ওই নারীর বাবা আঞ্জু মিয়া বাদী হয়ে সোমবার (৯ নভেম্বর) সকালে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, মামলা নং-৬। পরে বিকেলে ইস্পিঞ্জারপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত মৃত হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রঞ্জুকে (৪৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে। এছাড়া ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।





