
স্টাফ রিপোর্টার ॥
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের সরকার সেবকের সরকার। আমরা সেবা করবো। পাঁচ বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের কাছে যাবো। জনগণ যদি আমাদের ভোট দেয় আসবো। আপনাদের ভোট দিলে আসবেন। জ্বালাও পোড়াও করে অযথা সচিবালয়-মন্ত্রণালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বিরোধীদলের উদ্দেশে বলেন, শান্ত হোন, হুঁশে আসেন, বেহুঁশ হবেন না। এই সরকার জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার। এই সরকারকে হটাতে হলে পাঁচ বছর পর আবারও যে নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে ভোটে এসে তারপর যদি বেশি পান তাহলে সরকারে যাবেন। নইলে এই সরকারই আবারও নির্বাচিত হবে।
তিনি আরও বলেন, যেমন পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন পার্লামেন্টের বাহিরে মাঠের আন্দোলনে দায়িত্বশীল আচরণ করেন। এটাই বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের মানুষ আশা করে। আপনাদেরকে বলবো– আমাদের সরকারের সঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেব।
আইসড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, বাসাইল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।





