
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ২৫০ গ্রাম চোলাই মদসহ শাজাহান (৫৫) নামে মাদকাসক্ত ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) রাতে কালিহাতী পৌর শহরের মেগাখালি এলাকা থেকে মাদক সেবন করার সময় শাজাহানকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। শাজাহান উপজেলা দক্ষিণ বেতডোবা গ্রামের জয়নালের ছেলে।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই রব্বানী বলেন, আড়াইশো গ্রাম চোলাই মদসহ স্থানীয়রা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা দেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।






