
গোপালপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোপালপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে গোপালপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাবেক সিনিয়র সহসভাপতি খোরশেদুজ্জামান মন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়াও গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।






