
নুর আলম, গোপালপুর ॥
মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমসহ এক সহযোগীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ। এছাড়া অন্য একটি অভিযানে ৩৩৭ পিস ইয়াবাসহ চর আমিল এলাকার রনি নামে এক যুবককে আটক করা হয়েছে। পৃথক অভিযানে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার চর শিমলা ও চর আমিল এলাকায় গোপালপুর থানা পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকা থেকে চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমকে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আটক করা হয়। আটক রেজাউল করিম রেজা একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। অভিযানের সময় তার সঙ্গে থাকা সহযোগী ও মোটরসাইকেল চালক গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে মনিরুজ্জামান মুন্নাকেও আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, আমি ছুটিতে আছি। আমি এখানে নতুন এসেছি, তাই তাকে চিনি না। তবে এটিইওর (সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) কাছ থেকে ঘটনাটি নিশ্চিত হয়েছি।
এদিকে গোপালপুরে ৩৩৭ পিস ইয়াবাসহ রনি নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার চর আমিল এলাকার ওমর ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তার ফুফাতো ভাই রনির কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শেনেরচর এলাকার যুব সমাজের সদস্যরা একত্রিত হয়ে প্রথমে অভিযান পরিচালনা করেন। পরে বিষয়টি গোপালপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ও স্থানীয় যুবকদের যৌথ অভিযানে রনিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রনি গোলাবাড়ি ইউনিয়নের চর আমিল এলাকার বাসিন্দা।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় মাদক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আসামিদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






