
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এখলাস হায়াতের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শালগজারি কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার কাহারতা রামখা বাজার এলাকার ওই বাড়িতে এ অভিযান চালানো হয়। এ অভিযানে অবৈধভাবে কেটে রাখা শালগজারির ৫৫টি গাছের গুঁড়ি উদ্ধার করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সখীপুর-বহেড়াতৈল রেঞ্জের আন্দি ও কচুয়া বিটের বন কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এখলাস হায়াতের বাড়ি থেকে দুই ট্রাক্টর (৫৫ পিস) নিষিদ্ধ গজারি কাঠ জব্দ করা হয়। পরে দুটি ট্রলি-ট্রাক্টরে করে গুঁড়িগুলো জব্দ করে বহেড়াতৈল রেঞ্জ কার্যালয়ে নিয়ে হেফাজতে রাখা হয়েছে।
সখীপুর-বহেড়াতৈল রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা রুমিজ্জামান বলেন, মধ্যরাতে সাবেক কাউন্সিলরের বাড়িতে অভিযান চালিয়ে ৫৫ পিস শালগজারি কাঠ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার করা গুঁড়িগুলো বিপ্লব নামের স্থানীয় এক ব্যক্তির।
তবে এ ঘটনায় সাবেক কাউন্সিলর এখলাস হায়াতের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বন আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।






