
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে ভূঞাপুরে নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চাঁদপুর জেলার মতলব উপজেলার আক্তার হোসেনকে (৪৬) ১ লাখ টাকা এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল (৪৬), বরিশালের বানারিপাড়ার জামাল (৬৩), উজিরপুরের গিয়াস (৩৫), বরগুনা সদরের বাদল (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন (৫২) ও বরগুনা সদরের রিয়াজুল (২২) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ ব্যক্তিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঞাপুর থানার এসআই রুবেল, নৌ পুলিশের এস আই আবুল কালাম আজাদ ও পুলিশ সদস্য, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






