
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে র্যাব-১৪ (সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প) এবং র্যাব-৪ (সিপিসি-২, নবীনগর ক্যাম্প) এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি আলমগীর ফকিরকে গ্রেপ্তার করেছে।
মামলার বিবরণে জানা যায়, ঘটনায় জড়িত আসামিরা ভুক্তভোগী নারীর পূর্ব পরিচিত। ধৃত প্রধান আসামি ভুক্তভোগী ওই নারীকে তার বাড়িতে যেতে বলে। তিনি তার কথামত গত (১ আগস্ট) সন্ধ্যায় ধৃত প্রধান আসামির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নির্জন এলাকায় পূর্ব থেকে আসামিরা ওৎ পেতে ছিল। আসামিরা কৌশলে ভুক্তভোগী নারীকে উক্ত নির্জন এলাকায় জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে এবং ব্যবহৃত স্বর্ণালংকারসহ মোবাইল ফোন নিয়ে নেয়।
এই নির্মম ও পাশবিক ঘটনার পর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নাগরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩, ধারা- ৯ (৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সহ ৩৭৯ পেনাল কোড।
ঘটনার পর থেকে আসামীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল। র্যাব-১৪ ঘটনাটি জানার পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে র্যাব-১৪ এর অভিযান অব্যাহত আছে।
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র-মাদক উদ্ধার, সাজা ওয়ারেন্ট তামিল, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন চোরাচালান ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।






