
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে পৌর শহরের থানাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ থানাপাড়া এলাকার আসাদুর রহমান স্বপনের ছেলে মোহাম্মদ উল্লাহ রাব্বু (২১) এবং সখীপুর উপজেলার যাদবপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (১৯)।
এছাড়া মোহাম্মদ উল্লাহ রাব্বু বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মলি আক্তারের ছেলে। শনিবার (২৯ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম শহরের থানাপাড়া বিসিক রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে মোহাম্মদ উল্লাহ রাব্বুর দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদর ও আশেপাশের এলাকায় মাদকসেবীদের কাছে অভিনব কায়দায় ইয়াবা বিক্রি করে আসছিল। এ ঘটনায় রাতেই সদর থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশের সূত্র মতে, ইতিপূর্বে মোহাম্মদ উল্লাহ রাব্বু বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মারামারি, ভাংচুর, চুরি ও প্রাণনাশের চেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার এসআই সান্টু কুমার দেব বলেন, শুক্রবার (২৮ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






