
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে আউয়াল শফিক (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। নিহত আউয়াল শফিক উপজেলার বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে পুকুরপাড় এলাকায় সড়কের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, মরদেহের গলায় কাটার চিহ্ন রয়েছে। এ কারণে এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
নিহতের বোনজামাই সুজন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ট্রাকচাপায় আউয়াল শফিকের মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, গলায় কাটার চিহ্ন পাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের প্রতি দাবি জানান।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।





