
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। আল-বাসার এর অর্থায়নে এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা দেওয়া হচ্ছে। পাশাপাশি ছানি রোগীদের মধ্য থেকে নির্বাচিত ৫০০ জনের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত টাঙ্গাইল পৌর শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি ছানি রোগীদের অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের অপারেশন, ওষুধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচ বহন করা হবে বলে আয়োজকরা জানান।
আল-বাসার বিশ্বের বিভিন্ন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চোখের চিকিৎসা, চশমা বিতরণ ও ছানি অপারেশনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। টাঙ্গাইলের ক্যাম্পে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ সদস্যের মেডিকেল টিম চিকিৎসাসেবা দিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ সেন্টারের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিশওয়ারি। সার্বিক পরিচালনায় ছিলেন মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের। আয়োজকরা জানান, বিনামূল্যে পাঁচ হাজার রোগীর চিকিৎসা ও পাঁচশত রোগীর ছানি অপারেশন করা হবে।






