
নুরুল ইসলাম, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়নের প্রত্যাশায় একাধিক প্রার্থীর সক্রিয় পদচারণা পরিলক্ষিত হচ্ছে। অনেকে উঠান বৈঠক, শোডাউন করেও নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এমনই একজন প্রার্থী মোটরসাইকেল শোডাউন করেছেন। যিনি নিজেকে সদ্য যোগদানকারি কৃষক দলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন।
বিষয়টি নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ত্যাগী নেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা মন্তব্য করছেন কৃষক দলের এলাসিন ইউনিয়ন সভাপতি পরিচয়ে বিএনপির দলীয় প্রার্থী হতে চেষ্টা চালাচ্ছেন আওয়ামী ফ্যাসিষ্ট আমলে যুবদল থেকে পদত্যাগকারি নেতা শরিফুল ইসলাম। তারা এটাও বলছেন ওই সময়ে আওয়ামী লীগের বিশেষ সুবিধা নিতে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। পরে নির্বাচন অনুষ্ঠানের আগ মুহুর্তে প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুলের নিকট থেকে চার লাখ টাকা নগদ গ্রহণ করে প্রার্থীতা প্রত্যাহার করেন বলে দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন। যার ফলে আওয়ামী লীগ নেতা এস. প্রতাপ মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলদুয়ার বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শরিফুল ইসলাম অর্ধশত মোটরসাইকেল দিয়ে শোডাউন করে উপজেলা বিএনপির অফিসে এসে বসে। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় দলীয় ত্যাগী নেতারা বলেন, উড়ে এসে জুড়ে বসে দলীয় সুবিধা নিবেন এমনটি হতে দেয়া হবে না।
এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মুঠোফোনে শরিফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, এক সময় আমি যুবদলের ওয়ার্ড সভাপতি ছিলাম। পরে পদত্যাগ করি, এখন আমি কৃষক দলের এলাসিন ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এলাসিন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য আগাম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। অদ্যকার মোটরসাইকেল শোডাউন সেই প্রচারণার একটি অংশ। আমি বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করছি।






