
স্টাফ রিপোর্টার ॥
নারীর কল্যাণ, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।
অনুষ্ঠানে জেলার ১১২টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২৪ লাখ ৪২ হাজার ৬শ’ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং গ্রামীণ অর্থনীতিতে তাদের অংশগ্রহণ বাড়াতে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সরকারি সহায়তা পাওয়ার ফলে স্থানীয় সমিতিগুলো নারীদের দক্ষতা উন্নয়ন, কুটির শিল্প এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে।
চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এবং সকল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাবৃন্দসহ অনুদানপ্রাপ্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






