
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মেধাবী শিক্ষার্থী আসিফ হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্য এবং কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত (১৪ আগস্ট) আসিফ নিখোঁজ হওয়ার পরদিন (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে টাঙ্গাইলের গড়াইল আন্ডারপাসের পাশে তার মরদেহ পাওয়া যায়।
তার বাবা, মা, বোন ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন থেকে আসিফের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ প্রক্রিয়ায় সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন অনুযায়ী শনাক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।






