
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে সুরুতি বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মির্জাপুর পৌরসভার পোস্টকামুরী খালেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুতি বেগম ওই এলাকার তুলু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ ঘরের রান্নাঘরে কাজ করার সময় সুরুতি বেগমকে একটি বিষধর সাপ কামড় দেয়। স্বজনেরা টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল বিষধর সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






