
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও র্যালী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, মৎস কর্মকর্তা মাসুম বিল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






