
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনা না হলেও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় প্রথম ধাপ আগামী (২১ জানুয়ারী) নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এমন তথ্যে জানা গেছে। এ খবরে দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় সভা ও মোটরসাইকেল শোডাউনে ব্যস্ত হয়ে পড়েছেন।
উপজেলার এলাসিন ইউনিয়নে সম্ভাব্য একাধিক প্রার্থী মাঠে সক্রিয় থাকলেও আলোচনা উঠে এসেছে সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম আওয়ালের নাম। ইতিমধ্যেই তিনি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক এমনকি মোটরসাইকেল শোডাউনও করেছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সমর্থন চাইবেন। মাঠ পর্যায়ের দলীয় কর্মকান্ড ও জনসমর্থন যাচাই বাছাই করে দল যাকে যোগ্য মনে করবেন তাকেই সমর্থন দেবেন এটাই স্বাভাবিক। আমাদের এমপি রবিউল আউয়াল লাভলু একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি সিদ্ধান্ত নিতে ভুল করেন না এবং করবেনও না। দল যদি আমাকে সমর্থন দেয় তাহলে আমি এলাসিন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। তবে দলের যে কোনও সিদ্ধান্ত আমি সাদরে গ্রহণ করবো এবং দলের জন্যই কাজ করে যাবো।
এলাকার ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি চেয়ারম্যান নয়, সেবক হতে চাই এবং সেবক হওয়ার মন মানসিকতা নিয়েই আপনাদের কাছে এসেছি। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগীতা, মাদক দমনসহ সার্বিক উন্নয়নে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই। চেয়ারম্যান না হলেও আমি সাধারণ মানুষের জন্য আজীবন বিনা স্বার্থে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি। সর্বশেষে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।






