
স্পোর্টস রিপোর্টার ॥
দীর্ঘ ৫ বছর পর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার সময়। এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন মুসলিম রেনেসাঁ ক্লাব বনাম পূর্বাচল ক্লাব মুখোমুখি হবে।
ফুটবলারদের প্রাণের চাওয়া টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ। জেলার বিভিন্ন উপজেলা থেকে টাঙ্গাইলের প্রথম বিভাগ ফুটবল লীগের অংশগ্রহণ করতে ফুটবলারদের মধ্যে প্রাণে দোল লেগেছে। তারা খুবই খুশি প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করতে পেরে। ফুটবল লীগের সাথে ফুটবলারদের আর্থিক দিক সবসময়ই যুক্ত থাকে। এছাড়া প্রথম বিভাগ ফুটবল লীগ খেলেই তাদের প্রতিভার বিকাশ জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হয়।
আসন্ন প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাব, ভাসানী ক্লাব, উদয়ন ক্রীড়া চক্র, মুসলিম রেনেসাঁ, এলিভেন বুলেটস ভালো দল গঠণ করেছে বলে জানা গেছে। বিভিন্ন ক্লাব সূত্রে জানা গেছে, এই ফুটবল লীগে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ পারিশ্রমিক ৫০ হাজার পর্যন্ত উঠেছে।
টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ১০টি ক্লাব ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন মুসলিম রেনেসাঁ ক্লাব বনাম পূর্বাচল ক্লাব মুখোমুখি হবে।
প্রথম বিভাগ ফুটবল লীগে প্রথম বিভাগ দলগুলো হলো- “ক” গ্রুপে মুসলিম রেনের্সা ক্লাব, পূর্বাচল ক্লাব, থানাপাড়া ব্যায়ামাগার ও ভাসানী ক্লাব। “খ” গ্রুপে বর্তমান রানার্সআপ ইয়ুথ ক্লাব, আকুরটাকুর যুব সংঘ ও সাবালিয়া জুনিয়র ফুটবল ক্লাব এবং “গ” গ্রুপে উদয়ন ক্রীড়া চক্র, সাবালিয়া ক্রীড়া একাদশ ও থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব।
“ক” গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ২টি ক্লাব এবং “খ” ও “গ” গ্রুপের চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টের সেমিফাইনাল উঠবে।
টুর্নামেন্টের বাকী খেলাগুলো হলো- আগামী (১৭ অক্টোবর) আকুরটাকুর যুব সংঘ বনাম জুনিয়র ফুটবল ক্লাব, (২২ অক্টোবর) উদয়ন ক্রীড়া চক্র বনাম সাবালিয়া ক্রীড়া একাদশ, (২৩ অক্টোবর) থানাপাড়া ব্যায়ামাগার বনাম ভাসানী ক্লাব, (২৪ অক্টোবর) জুনিয়র ফুটবল ক্লাব বনাম ইয়ুথ ক্লাব, (২৫ অক্টোবর) সাবালিয়া ক্রীড়া একাদশ বনাম থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব, (২৬ অক্টোবর) মুসলিম রেনেসাঁ বনাম থানাপাড়া ব্যায়ামাগার, (২৭ অক্টোবর) পূর্বাচল ক্লাব বনাম ভাসানী ক্লাব, (২৮ অক্টোবর) আকুরটাকুর যুব সংঘ বনাম ইয়ুথ ক্লাব, (২৯ অক্টোবর) উদয়ন ক্রীড়া চক্র বনাম থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব, (৩০ অক্টোবর) মুসলিম রেনেসাঁ বনাম ভাসানী ক্লাব এবং (৩১ অক্টোবর) পূর্বাচল ক্লাব বনাম থানাপাড়া ব্যায়ামাগার ক্লাব।






