
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অর্ধশতাধিক ব্যবসায়ীকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে গাড়ি পার্কিংয়ের দায়ে এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তৌহিদ রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মির্জাপুর পৌর সদরের বিভিন্ন ফুটপাত দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়ছিল। এ পরিস্থিতিতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় অর্ধশতাধিক ব্যবসায়ীকে তাঁদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় দেওয়া হয়। এছাড়া সড়কে গাড়ি পার্কিংয়ের দায়ে এক প্রাইভেটকার চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান, মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তৌহিদ রেজা বলেন, ফুটপাত দখলমুক্ত করা ও যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করা হবে। এছাড়া সড়কে গাড়ি পার্কিংয়ের দায়ে এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কাজে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






