
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেছেন, বাংলাদেশ সরকার গঠনে এবং দেশের সামগ্রিক উন্নয়নে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম ও অতুলনীয়। এ দেশে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দেশ গঠনে এবং বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের সব নাগরিকের সমঅধিকার ও ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের অসাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে সরকার সর্বদা প্রস্তুত।
এ সময় এমপির সহধর্মীনি নাগরপুর মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি তোফায়েল আহমেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনির ও পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






