
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তানভীর হাসান নামে এক শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের শেওড়াতৈল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদ রেজা।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার চিহ্নিত কয়েকজন বালু ব্যবসায়ী ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে গত প্রায় এক সপ্তাহ ধরে শেওড়াতৈল এলাকায় বংশাই নদে ড্রেজার বসিয়ে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। উত্তোলন করা বালু বাল্কহেডে করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, নদীর গভীর তলদেশ পর্যন্ত অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় নদীর দুই তীরের মাটি ধসে পড়ছে। এতে এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। অব্যাহতভাবে বালু উত্তোলন করা হলে নদীতীরবর্তী বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা।
অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বুধবার (২১ অক্টোবর) বিকেলে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি অভিযোগের সত্যতা পান এবং তানভীর হাসান নামে এক শ্রমিককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তানভীর হাসানকে সংশ্লিষ্ট মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদ রেজা বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






