
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আতিকুর রহমানকে (৫৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। শনিবার (২৪ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলার জাংগালিয়া ভোর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান নাগরপুর উপজেলার গুদামপাড়া এলাকার মৃত আব্দুল ছালামের ছেলে।
টাঙ্গাইল এসআরবি-১৪, সিপিসি-৩ কোম্পানির প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, আসামী আতিকুর রহমানের বিরুদ্ধে বিগত ২০১২ সালে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয় (মামলা নং-১৮)। বিচারকার্য শেষে আদালত আসামি আতিকুর রহমানকে (৫৯) ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকেই আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে এসআরবি-১৪, সিপিসি-৩ নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি দল আসামির অবস্থান শনাক্ত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে শনিবার (২৪ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলার জাংগালিয়া ভোর বাজার এলাকা থেকে আতিকুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি-১৪।





