
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দ ও ধোঁয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর মির্জাপুর স্টেশন অতিক্রম করে। এর প্রায় ১০ মিনিট পর মহেড়া স্টেশনে পৌঁছালে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বিকট শব্দে চারপাশ কালো ধোঁয়ায়চ্ছন্ন হয়ে পড়ে। আকস্মিক এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন থামা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান জানান, ঘটনার সময় তিনি স্টেশনেই উপস্থিত ছিলেন। হঠাৎ বিকট শব্দ ও কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। এতে প্রায় ৫০ মিটার এলাকার রেললাইন ও স্লিপার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মির্জাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার নাজমুল হাসান বকুল জানান, ঢাকামুখী ট্রেনটি উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় মহেড়া স্টেশনে এই দুর্ঘটনার শিকার হয়।
এদিকে, মহেড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, লাইনচ্যুত হওয়া ক্ষতিগ্রস্ত দুটি বগি রেখেই বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি গন্তব্য চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। লাইন মেরামত সম্পন্ন হলেই ওই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।






