
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ বস্তা সারভর্তি একটি ট্রাক পুকুরে পড়ে গেছে। এতে ট্রাকে থাকা সবকটি সারের বস্তা পানিতে ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। স্থানীয় ডিলারের দাবি, এ ঘটনায় তার প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঘোড়াশাল সার কারখানা থেকে ৩০০ বস্তা সার নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশে রওনা দেয় ট্রাকটি। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এটি মির্জাপুর উপজেলার ভাওড়া সরকার পাড়া এলাকায় পৌঁছায়। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের পুকুরে গিয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে ভাওড়া ইউনিয়নের সারের ডিলার মেসার্স আমজাদ এন্ড সন্সের সত্ত্বাধিকারী আমজাদ হোসেন বলেন, ঘোড়াশাল থেকে ৩০০ বস্তা সার নিয়ে ট্রাকটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকালে ভাওড়া সরকার পাড়া এলাকায় পৌঁছানোর পর ট্রাকের একটি চাকা সড়কের ঢালু জায়গায় পড়ে আটকে যায়। মুহূর্তেই ওই জায়গার মাটি ধসে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এর ফলে ট্রাকে থাকা ৩০০ সারের বস্তা পানিতে ডুবে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে সরকারি বাজারমূল্য অনুযায়ী ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে যাওয়া সারগুলো ওই ইউনিয়নের ৩টি সাব-ডিলারকে দেয়ার কথা ছিল।
তবে আকস্মিক এই দুর্ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সারের ডিলার আমজাদ হোসেন। প্রাকৃতিক ও সড়ক দুর্ঘটনার কারণে সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ বা প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়ে ডিলার আমজাদ হোসেন আরও বলেন, সরকারি বরাদ্দের এই সারগুলো সম্পূর্ণ আকস্মিক দুর্ঘটনার শিকার হয়ে নষ্ট হয়েছে। একজন বৈধ ডিলার হিসেবে এই বড় ধাক্কা সামাল দেওয়া আমার জন্য কঠিন। তাই ক্ষতিগ্রস্ত এই সারের সরকারি মূল্য মওকুফ বা এর যথাযথ ক্ষতিপূরণ পেতে আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, ঘটনার সংবাদ পেয়ে একটি প্রতিনিধি দল পাঠনো হয়। দুর্ঘটনার সকল তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তিনি সরকারি কোনো সহযোগিতা পাবেন কিনা এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তবে ওই ইউনিয়নে সার সংকট দেখা দিলে সে বিষয়ে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রাকটি ঘটনাস্থল থেকে উদ্ধার কাজ শেষ হয়েছে। পরে ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়।






