
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ৪নং লোকেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও ঘাটাইল উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লোকেরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়ানীবকশিয়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছয়ানীবকশিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ।
বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে লোকেরপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করব। কোনো বৈষম্য নয়, দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। আমি আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।
সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বিএসসি, আল-আকছা জামে মসজিদের সভাপতি হুমায়ুন কবির, নরসিংদী জুট মিল কর্মকর্তা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক তুলা, ৪নং লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি লুৎফর তারুকদার, তাকওয়া ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক লালন হোসেন, সাবেক ইউপি সদস্য মিনহাজ উদ্দিন নাসির, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহির উদ্দিন মহি, লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তারেক জিয়া যুব সংঘের সভাপতি ফজলুর রহমান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডালিক আল মামুন, সমাজসেবক বিল্লাল হোসেন, বাংলাদেশ তিতাস গ্যাসের কর্মকর্তা সাকাওয়াত হোসেন এবং তারেক জিয়া যুব সংঘের সিনিয়র সহসভাপতি উজ্জ্বল হোসেন।
বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছয়ানীবকশিয়া দাখিল মাদ্রাসার সভাপতি রাসেল তালুকদার।





