
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার যন্ত্রপাতি ও উৎপাদিত তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় মালিকপক্ষের দাবি, প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষতির পরিমাণ ৭ লাখ টাকা। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকুল্লা হাজী মাইনুদ্দিন মার্কেটের গুনোটিয়া রোডে অবস্থিত ‘সীমা বেডিং স্টোর’ নামের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
কারখানার মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহেল রানা জানান, প্রতিদিনের মতো আজও শ্রমিকেরা কারখানার মেশিন চালু রেখে কাজ করছিলেন। এ সময় হঠাৎ চলন্ত মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কারখানাটিতে গার্মেন্টসের বিভিন্ন বর্জ্য ও ঝুট প্রক্রিয়াজাত করে তুলা উৎপাদন করা হতো। এসব কাঁচামাল দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কারখানার ভেতরে থাকা মেশিনপত্র ও উৎপাদিত তুলার বড় অংশ পুড়ে যায়।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৭০ লাখ টাকার মালামাল আগুনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
অন্যদিকে, কারখানার মালিক সোহেল রানার দাবি, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।





