
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ১২ বছর বয়সি বুদ্ধি প্রতিবন্ধী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মোফাজ্জল হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নারী-শিশুসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। অভিযুক্ত মোফাজ্জল হোসেন ওই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মোফাজ্জল হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মধুপুর পৌর এলাকার নাগবাড়ী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে মধুপুর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ডের আনারস চত্বরে পৌঁছালে সেখানে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে আবারও মিছিল নিয়ে উপজেলা চত্বরে গিয়ে দ্বিতীয় দফায় সমাবেশ করেন বিক্ষোভকারীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, মাদ্রাসার মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিশুর সঙ্গে এমন অপরাধের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত (৭ নভেম্বর) বিকালের দিকে মাদ্রাসার নিজ কক্ষে ডেকে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। এ সময় শিশুটিকে ২০ টাকা দিয়ে মোজো খেতে বলেন এবং ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, এর আগেও একাধিকবার শিশুটির সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।
ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত মোফাজ্জল হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করছি, অচিরেই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের আশ্বস্ত করা হয়েছে যে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।





