
স্টাফ রিপোর্টার ॥
প্রতিটি নিত্যপণ্যের অব্যাহত চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। টাঙ্গাইলের বাজারগুলোতে চাল, ডাল, সয়াবিন তেল, ডিম, মাছ, মাংসসহ বিভিন্ন নিত্যপণ্যের বাড়তি দামের মাঝেই সর্বশেষ আটার দাম বেড়েছে। কিছুটা সস্তার সবজিও নাগালের বাইরে। জ্বালানি তেল, গ্যাসের বাড়তি দামের পাশাপাশি নানান প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে বিভিন্ন সময়ে সিন্ডিকেট তৈরি করে বাড়ানো হয় নিত্যপণ্যের দাম। সস্তার আমিষ ডিম থেকে শুরু করে সবজি সব ধরনের নিত্যপণ্যতেই চড়া দাম অব্যাহত। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজার, ছয়আনি বাজার, সিটি বাজার, সন্তোষ বাজারসহ অন্যান্য বাজারগুলোর বর্তমান চিত্র এমনই।
বাজারে আগাম আসা শীতকালীন সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। প্রতি কেজি শিম ৬০ টাকা। ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা। বিটকপি ও গাজর ১৪০ টাকা, টমেটো ১২০ টাকা, ক্যাপসিকাম ৩০০ থেকে ৫০০ টাকা। মুলা ৪০, বাধাকপি ৪০ থেকে ৫০ টাকা। বরবটি ৬০ থেকে ৮০ টাকা, বেগুন, করলা, চিচিঙ্গা, কাকরোল ৬০, উচ্ছে ১০০, শসা ৬০ থেকে ৮০ টাকা, কচুরলতি ৬০, পটল, ঢেড়স, লাউ, কচুরমুখি ৪০, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, কাচকলা ৩০টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচামরিচ ৪০ থেকে ৬০ টাকা কেজি। আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে। কিছুটা কমে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৪ টাকায়। সোনালী মুরগির ডিম ৫৬ টাকা। দেশি মুরগির ডিম ৬০ টাকা। হাঁসের ডিম ৭০ টাকা। কোয়েল পাখির ডিম ১২ টাকা হালি। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। সোনালী মুরগি ৩১০ টাকা। লেয়ার মুরগি ৩৫০ টাকা। দেশি মুরগি ৬০০ টাকা কেজি। গরুর মাংস ৮০০ টাকা কেজি। খাসির মাংস এক হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ইলিশে বাড়তি দাম অব্যাহত। ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ। প্রতি কেজি তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকা, পাঙ্গাশ ২০০ থেকে ২৫০ টাকা, সিলভার কার্প ১৫০ থেকে ২০০ টাকা, মৃগেল ৩০০, গ্রাসকার্প ২৫০ থেকে ৩৫০, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি, কাতলা ৩০০ থেকে ৫০০ টাকা কেজি। পাবদা ৪০০, শিং ৩৫০ থেকে ৪০০, টাকি ৩৫০ টাকা, ট্যাংরা ৬০০, পুঁটি ৪০০, বাটা ২০০, সরপুঁটি ১৭০, বাইম ৮০০ থেকে এক হাজার টাকা, চাষের কৈ ২২০ টাকা, দেশি কৈ এক হাজার ২০০ টাকা। বোয়াল ৪০০ থেকে ৭০০ টাকা, ভেটকি ৬০০ থেকে ৭০০, শোল ৭০০ থেকে এক হাজার টাকা, আইড় ৮০০, পার্শে ৮০০, চিংড়ি ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা কেজি।
বাজারে আসা ক্রেতা শেখর দেবনাথ বলেন, প্রতিটি নিত্যপণ্যের দাম বেশি, সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এর মাঝেই জ্বালানি তেলের আবারও মূল্য বৃদ্ধিতে দেখা দিয়েছে আবারও দাম বৃদ্ধির আশংকা। বীনা রায় বলেন, এক আঁটি লাউ শাক কিনেছি ৪০ টাকা দিয়ে, আজকাল শাকেরও কি অস্বাভাবিক দাম। আকবর আলী রনি বলেন, আয় রোজগারের অর্ধেক খরচ হয়ে যায় বাজার করতে গিয়ে, সাধারণ মানুষের মরার অবস্থা। মাছ বিক্রেতা মিজানুর রহমান বলেন, সকাল সাতটা থেকে মাছ নিয়ে বসে আছি, এখনো সঠিক দামের কোন ক্রেতা পাইনি। কেউ কেউ মাছ দেখছে ঠিকই, কিন্তু কিনছে না। আরেক বিক্রেতা শংকরও একই কথা বলেন। সবজি বিক্রেতা প্রসেনজিৎ বলেন, ছুটির দিন কিন্তু, তবু বাজারে লোক কম। নিত্যপণ্যর দাম কমলে আমরাও খুশি, আমাদেরও পরিবার আছে।
চালের বাজারে প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজিতে। মিনিকেট ৬৫ থেকে ৮০ টাকা। কাজল লতা ৫৫ থেকে ৬২ টাকা। আঠাশ ৫৫ থেকে ৫৮ টাকা। বাসমতি ৬৮ থেকে ৮৪ টাকা। নাজিরশাইল ৯২ থেকে ৯৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুদি বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২৫ টাকা কেজিতে। খোলা সয়াবিন তেল ২০৫ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল। খোলা আটা ৫০ টাকা। প্যাকেটজাত আটা ৬০ টাকা। মসুর ডাল ৯০ থেকে ১৬০ টাকা কেজি। মুগ ডাল ১০০ থেকে ১৭০ টাকা। ছোলার ডাল ১১৫ টাকা। খেসাড়ি ডাল ৯ ০টাকা। মটরের ডাল ১১০ টাকা। বুট ডাল ৬৫ টাকা। লবন ৪০ টাকা। মশলার বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৯০০ টাকায়। এলাচ পাঁচ হাজার টাকা কেজি। দারুচিনি ৫০০ থেকে ৫৫০ টাকা। গোলমরিচ এক হাজার ৪০০ টাকা। লবঙ্গ এক হাজার ৫০০ টাকা থেকে এক হাজার ৫৮০ থেকে কেজি। পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি। আদা ১৫০ থেকে ২৬০ টাকা। রসুন ৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।





