
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় জুমার নামাজ আদায় করতে গিয়ে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। পরে মোটরসাইকেলের জিপিএস লোকেশন শনাক্ত করে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার হাতে আটক দুজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (১৩ নভম্বর) রাতে দেলদুয়ার থানায় মামলা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন সানবাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে আলমগীর হোসেন আলম (৪০) এবং ঢাকার ধামরাই উপজেলার চৌহাট পশ্চিমপাড়া এলাকার রজ্জব আলীর ছেলে জাহিদ হোসেন (৩১)।
দেলদুয়ার থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, জোবায়ের মিয়া উপজেলা ডুবাইল ইউনিয়নের সুবর্ণতলী জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। এ সময় তিনি তার ইয়ামাহা কোম্পানির ১৫০ সিসি মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মসজিদের বাইরে এসে মোটরসাইকেলটি আর দেখতে পাননি। পরে মোবাইল ফোনের মাধ্যমে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থায় মোটরসাইকেলের লোকেশন শনাক্ত করে দেলদুয়ার উপজেলার লাউহাটি হেরেন্ডপাড়া এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করা হয়।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আটককৃত দুইজন দুর্র্ধষ মোটরসাইকেল চোর। আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৩টি ও জাহিদের নামে ১২টি মামলা চলমান রয়েছে।





