
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গভীর রাতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাংলা ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপগুলোও ভেঙে ফেলা হয়। রবিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন উর্মী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা।
অভিযান শেষে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন উর্মী জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর পরিবেশ ও আশপাশের এলাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা ড্রেজারটি জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






