
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এবার ২৯৫ মেট্রিক টন ধান ও ২২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাগরপুর খাদ্য বিভাগের আয়োজনে শনিবার (২৮ নভেম্বর) সকালে খাদ্য গুদামে এ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক সভাপতিত্ব করেন। এ সময় নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য পরিদর্শক জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কৃষকসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি আমন মৌসুমে ২৯৫ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৫ টাকা দরে এবং ২২০ মেট্রিক টন চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।






