
স্টাফ রিপোর্টার ॥
ফুসফুসের ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সুস্থ ফুসফুস ও স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগ ও বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর আয়োজনে ‘লাংক্যানসার অ্যাওয়ারনেস মান্থ: নভেম্বর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সেমিনারের প্রতিপাদ্য ছিল Empowering Youth for Healthy Lungs ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনিছুর রহমান এবং লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আবু জুবাইর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফ আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এস এম নাজমুল আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অনকোলজি বিভাগের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহফুজুল হক। সেমিনারে ফার্মেসি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ফুসফুসের ক্যানসার একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। এ রোগ সম্পর্কে সঠিক ধারণা, ঝুঁকির কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।





