
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহা পরিচালকের পরিদর্শনে। কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি বাক্সবন্দী রেখে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, নামমাত্র সরকারি ফির পরিবর্তে কয়েক শ’ গুণ বাড়তি অর্থ আদায় এবং ভুয়া ভ্রমণ ভাতা উত্তোলনসহ নানা অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অনিয়মের হাতেনাতে প্রমাণ পান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কলেজের অধ্যক্ষ ডা. হানিফকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী (১৫ ডিসেম্বরের) মধ্যে প্রতিবেদন অধিদপ্তরে দাখিলের পাশাপাশি তা গণমাধ্যমের সামনে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, পরিদর্শনকালে ভুক্তভোগী দুই রোগী অতিরিক্ত মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে নথিপত্র যাচাই করে দেখা যায়, প্যাথলজি বিভাগে রক্তের পরীক্ষার জন্য এক রোগীর কাছ থেকে ৯০০ টাকা এবং অপর একজনের কাছ থেকে ৩৫০ টাকা আদায় করা হয়েছে। অথচ উভয় ক্ষেত্রেই সরকারি কোষাগারে জমা দেখানো হয়েছে নির্ধারিত ফি বাবদ মাত্র ২০ টাকা করে। বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে।
হাসপাতালের স্টোররুম ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, হৃদরোগীদের জন্য স্থাপিত ১২ কোটি টাকা মূল্যের ক্যাথল্যাব, এমআরআই ও সিটিস্ক্যানের মতো গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল যন্ত্রপাতি সচল থাকা সত্ত্বেও রোগীদের পরীক্ষা না করে বাইরে রেফার করা হচ্ছে। এছাড়া ডেন্টাল ও প্যাথলজি বিভাগের বহু দামি সরঞ্জাম স্টোররুমে পড়ে থাকলেও কর্তৃপক্ষ সেগুলোর ক্রয় বা মজুতসংক্রান্ত কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি। এমনকি অনেক আধুনিক যন্ত্রপাতির মোড়ক পর্যন্ত খোলা হয়নি।

পরিদর্শনে টামেক হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক অব্যবস্থাপনার আরও গুরুতর তথ্য বেরিয়ে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারেন, সরকারি বিধি লঙ্ঘন করে হাসপাতালের নামে একটি অননুমোদিত ওয়েবসাইট পরিচালনা করা হচ্ছে। এছাড়া হাসপাতালের হিসাবরক্ষক গত (৫ আগস্ট) পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হয়ে প্রায় ১০ মাস কর্মস্থলে অনুপস্থিত (ছুটিতে) ছিলেন। অথচ কাগজে-কলমে ওই সময়টাতে তিনি নিয়মিত ভ্রমণ ভাতা (টিএ/ডিএ) বিল উত্তোলন করেছেন।
পরিদর্শন শেষে অধ্যাপক ডা. জাহিদ রায়হান সাংবাদিকদের বলেন, মেডিসিন ও সরঞ্জামের স্টোররুমসহ প্রতিটি বিভাগে বছরের পর বছর ধরে প্রাতিষ্ঠানিক অনিয়ম চলছে। আমরা সব প্রমাণ লিপিবদ্ধ করেছি। মামলার আসামি হয়ে ছুটিতে থেকে বিল উত্তোলন কিংবা অবৈধ ওয়েবসাইট পরিচালনার মতো অনিয়মগুলোতে হাসপাতালের পরিচালকের সরাসরি সহযোগিতা রয়েছে। এ সময় তিনি রোগীদের ভোগান্তি কমাতে হাসপাতালে রাত ৮টা পর্যন্ত সব ধরনের প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষা চালু রাখার নির্দেশ দেন।
এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন শাখায় তীব্র জনবল সংকট রয়েছে। মূলত জনবল সংকটের কারণেই দাপ্তরিক ও ব্যবস্থাপনায় কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটেছে।





