
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিটি শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে সরকারি উদ্যোগে মিড ডে মিল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর পৌর সদরের পুষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার লাবলু সিদ্দিকী সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরফুন নিছা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদসহ স্থানীয় নেতারা।
আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি আরও বলেন, প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষার পরিবেশ হতে হবে ভয়হীন ও আনন্দময়। আদর-স্নেহ ও খেলাধুলার মধ্য দিয়ে শিশুরা যেন শিক্ষা অর্জন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া পঞ্চম শ্রেণির ১০৮ জন শিক্ষার্থীকে বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়।






