
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-৩। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে মির্জাপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল রশিদ শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) ও একই এলাকার ট্রাক চালক শাহিন আলম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাধন সংবাদ সম্মেলন এসব এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- সিলেট থেকে বালু বোঝাই ৫ টন ট্রাকে করে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে গাজীপুর অতিক্রম করে টাঙ্গাইলের দিকে আসছে একটি ট্রাক। এমন খবরের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-৩ এর একটি দল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মহাসড়কে তল্লাশিচৌকি স্থাপন করা হয়।
এ সময় ট্রাকে তল্লাশিকালে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা। পরে গাড়ির চালকসহ দু’জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে একটি ট্রাকের ভেতরে থাকা পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ সময় র্যাব কর্তৃপক্ষ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মির্জাপুর ও সদর থানায় পৃথক মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।






