
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় র্যাবের অভিযানে ১১ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মাদক কারবারীর নাম ইব্রাহীম আলী (২৯)। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর একজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করার জন্য দাঁড়িয়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটায় উক্ত স্থানে অভিযোগ পরিচালনা করে।
র্যাবের দল সেখানে পৌছালে পোষাক পরিহিত র্যাব সদস্যের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত ইব্রাহীম আলীকে (২৯) হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে সঙ্গে থাকা বাঁশের ঝুড়ি তল্লাশি করে ১১ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ গাঁজার বাজার মূল্য তিন লক্ষ ৩৬ হাজার টাকা।
মাদক নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের পূর্বক আসামী ও উদ্ধারকৃত আলামত হস্তান্তর করা হয়েছে।






