
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও জেলা প্রশাসন কর্তৃক প্রদানকৃত জিআর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর বাজারে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ করা হয়। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটি ঢাকার মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংস্থার কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দ।
চাল ও সাদাছড়ি পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী আবু সামা বলেন, আামাদের ভালোই উপকার হইলো। বাঁশের লাঠির পরিবর্তে এখন এই সাদাছড়ি ব্যবহার করতে পারমু।
ঢাকা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদার বলেন, বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে আমরা এই আয়োজন করেছি। সাদাছড়ি হলো দৃষ্টি প্রতিবন্ধীদের চলার প্রতীক। দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি দেখলে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে ওই ব্যক্তি প্রতিবন্ধী। তাকে পথ চলতে সহায়তা করতে হবে। আমরা এই আয়োজন দেশের ৪৪টি জেলায় পরিচালনা করছি। দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে আমাদের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ।






