
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নীলা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সৈযদা ফারজানা, সফল জননী সৌমিত্রী বিশ্বাস, নির্যাতনের দুঃখ ঘুচে জীবন সংগ্রাম জয়ী রনিয়া আক্তার এবং সমাজ উন্নয়নে অবদানকারী রুমি আক্তার।
এছাড়া একই অনুষ্ঠানে ১০ নারী উদ্যোক্তাকে ৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, অদম্য নারী সৈয়দা ফারজানা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।






