
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলা টাংগর এলাকার ৫ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম মাসুদ (৪০)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার রতনপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রং তুলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে একটি মোটরসাইকেলও একই দিকে যাচ্ছিল। ধলা টাংগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসের বাম পাশে ধাক্কা লেগে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়।
এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে বাসচালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে।






